বনানী কবরস্থানে সমাহিত হবেন কবরী

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীকে রাজধানীর বনানী কবরস্থানে জানাজা শেষে সেখানেই সমাহিত করা হবে।

শনিবার (১৭ এপ্রিল) সকালে কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

গত ৫ এপ্রিল কবরীর করোনা পজিটিভ আসে। সেদিনই তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিংবদন্তি এই অভিনেত্রী।

১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে শক্ত অবস্থান করে নিয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি কবরী বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন।

২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর