মদারীপুরের রাজৈরে মুখে মাস্ক না পরে মসজিদে নামাজ পড়তে যাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে আসে মুসল্লিরা। এ সময় ওই এলাকার জহিরুল ইসলাম ও লোকমান হোসেন মাসজ না পরা নিয়ে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের এই তর্ক গড়ায় হাতাহাতিতে। বিকালের দিকে এই ঘটনার জের ধরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাজৈর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৩ জনকে।
বার্তা বাজার/এসজে