কক্সবাজার বিমান বন্দরের নির্মানকাজে ফের পাওয়া গেল দেড় হাজার গুলি

কক্সবাজার বিমান বন্দর এলাকায় ফের পাওয়া গেলো ১হাজার ৫৮০ রাউন্ড গুলি। উদ্ধারকৃত গুলিগুলো থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান বাহিনী।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে বিমান বন্দরের উন্নয়ন কাজের মাটি ভরাট কালে গুলি গুলো দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে বিমান বাহিনী সদস্যরা গুলি গুলো উদ্ধার করেন।

কক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, বিমান বাহিনী কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ১হাজার ৫৮০ রাউন্ড গুলি উদ্ধার করেন। গুলি গুলো বেশ পুরনো। সেখানে রাইফেল, মেশিগান ও পিস্তলের গুলি রয়েছে। ধারনা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের গুলি। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিমান বাহিনী সূত্রে জানা যায়, বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারনের কাজের জন্য পাশ্ববর্তী বাঁকখালী নদী থেকে মাটি এনে ভরাট কাজ চলছিলো। মাটির সাথে এইসব গুলি দেখতে পায় কর্মরত শ্রমিকরা। খবর পেয়ে কক্সবাজার শেখ হাসিনা বিমান ঘাঁটির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গুলি গুলো উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।

প্রসঙ্গত, গত সোমবার একই ভাবে দুই হাজার রাউন্ড গুলি পাওয়া গিয়েছিল।

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর