লকডাউনে ৩ ট্রাফিক পুলিশকে মারধর, আটক ৬
জয়পুরহাটে লকডাউন বাস্তবায়নে স্থানীয় কয়েকজন যুবকের হাতে তিনজন ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বিআইডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শহরের বুলুপাড়া এলাকার ফকির মাহমুদের ছেলে সান্টু মন্ডল (২৮), সাহেবপাড়া এলাকার মোসলেমের ছেলে রাজিব পান্না চঞ্চল (২৭), রূপনগর এলাকার সোলাইমানের ছেলে সাগর (৩৬), সাহেবপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (৩৩), শুভ ইসলাম (৩২), গুলশান মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে আশিকুর ইসলাম (৩৬)।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, করোনাভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল পুলিশ।
বৃহস্পতিবার বিকালে বিআইডিসি মোড়ে পুলিশের চেক পোস্টের সামনের রাস্তা দিয়ে সান্টু মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় তার মুখে মাস্ক এবং মাথায় হেলমেট না থাকায় চেক পোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সেন্টুর গতিরোধ করে।
এ সময় তাকে মোটর সাইকেলের কাগজপত্র দেখাতে বলা হলে সান্টুসহ স্থানীয় কয়েকজন যুবক তিন ট্রাফিক পুলিশকে মারধর করে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আরও যারা জড়িত আছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
মিলন রায়হান/বার্তাবাজার/ই.এইচ.এম