টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা শ্রমিক বলে জানিয়েছেন পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, লকডাউনের কারণে পরিবহন না পেয়ে বিকল্পভাবে ওই তিন শ্রমিক বাড়ি যাওয়ার জন্য ট্রাকে করে উত্তরবঙ্গে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটে দুর্ঘটনা।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বার্তা বাজারকে জানান, দুটি ট্রাকই উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। একটি ট্রাক মহাসড়কের চরভাবলা এলাকায় দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা তিন শ্রমিক নিহত হয় ও দুইজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা শ্রমিক ছিলেন। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। আরেকটি ট্রাকের খোঁজ পাওয়া যায়নি।
হাসান সিকদার/বার্তাবাজার/পি