মামুনুলের শ্বশুরকে শোকজ: আ.লীগের সভাপতি-সম্পাদককে হত্যার হুমকি

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবাকে স্থানীয় আওয়ামী লীগ কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর আওয়ামী লীগ নেতাদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান আলফাডাঙ্গা থানায় এ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৫৭৪।

জান্নাত আরা ঝর্ণার বাবা বীরমুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি। হেফাজতে ইসলামের রাজনীতিতে পরিবারের সদস্যদের সম্পর্ক গড়ার বিষয়টি গোপন রাখা এবং কেন তাকে দলের পদ থেকে বহিস্কার করা হবেনা, জানতে চেয়ে গত ১২ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেয় ইউনিয়ন আওয়ামী লীগ।

সাধারণ ডায়েরিতে মোনায়েম খান উল্লেখ করেন, ওলিয়ার রহমানের পরিবার বর্গ হেফাজতের সঙ্গে জড়িত থাকায় আওয়ামী লীগের কর্মপরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় গত ১২ এপ্রিল ওলিয়ার রহমানকে সাতদিনের মধ্যে সন্তোষজনক জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশ দেওয়ার পরেরদিন ১৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু করে ৭টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি ০০৩৯৩২৯১০৭৪১৮০, +৬০১১১৬৭০৪৮৪০, +৩৭০৫৭৭৯ নম্বর থেকে তাঁর ব্যক্তিগত নম্বরে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় তাকে জীবননাশের হুমকিও দেওয়া হয়। এছাড়া একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনের মোবাইল নম্বরে +৩১৩২৬৫৫ নম্বর থেকে ফোন করে মামুনুল হক পরিচয় দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় আইনের সহযোগিতা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জিডির বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে হুমকি দেওয়ার বিষয়ে তিনি জিডি করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলছে।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল স্থানীয় আওয়ামী লীগের কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ‘আপনি মো. ওলিয়ার রহমান, গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আপনার বড় জামাতা মো. হাবিবুর রহমান, মেজ জামাতা অর্থাৎ জান্নাত আরা ঝর্ণার সাবেক স্বামী মো. জাফর শহিদুল ইসলাম, সর্বাধিক সমালোচিত আপনার মেজ মেয়ে জান্নাত আরা ঝর্ণার কথিত দ্বিতীয় স্বামী মো. মামুনুল হকসহ সবাই উগ্রপন্থী ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম সঙ্গে জড়িত। আপনার মেয়ে জান্নাত আরা ঝর্ণা অবৈধ কার্যকলাপে লিপ্ত। এমনকি আপনার স্ত্রীও জামায়াতপন্থী।’ নোটিশে আরো বলা হয়, ‘ওলিয়ার রহমানকে কেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে না, তার স্বপক্ষে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব নিয়ে স্বশরীরে উপস্থিত হতে অনুরোধ করা হয়।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর