দলের কেউ অপকর্মে লিপ্ত হলেই ব্যবস্থা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দলের মধ্যে নিজেদের ভুল বোঝাবুঝি, কলহ-কোন্দল করোনা পরিস্থিতিকে আরও জটিল করবে।

যারা এ ধরণের কর্মকাণ্ড, অপকর্মে লিপ্ত হবে তাদের কোনো প্রশয় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সাংগঠনিকভাবে ব্যবস্থাও নেওয়া হবে।’

শুক্রবার (১৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত কয়েকটি সাংবাদিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

দলের নেতাদের উদ্দেশে কাদের বলেন, যাদের আপন ঘরেই শত্রু তাদের বাইরের শত্রুর প্রয়োজন নেই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে, পাশাপাশি ভয়াবহ করোনার বিরুদ্ধেও।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপদফতর সম্পাদক সায়েম খান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর