ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় আরও ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে শুক্রবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক বলে দাবি করছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৬১ জন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের পাশাপাশি তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। পুলিশের বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে ওই ২৪ জনকে গ্রেফতার করে।
তাণ্ডবের এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুইটি মামলা দায়ের হয়েছে।
এ মামলাগুলোর এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি অন্তত ৩৮ হাজার। আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এ সময় তারা শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
বার্তাবাজার/নব