ফেনসিডিলসহ সাংবাদিক আটক

লালমনিরহাট জেলার সদর উপজেলায় ভারতীয় এক বোতল ফেনসিডিলসহ দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক ও কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম শাহীনকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্র ও এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতের পরে উপজেলার কুলাঘাটের রত্নাই ব্রিজ বিজিবির অস্থায়ী চেক পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম শাহীন লালমনিরহাট সদরের দালালটারি গ্ৰামের আব্দুস ছালাম পুত্র।সাংবাদিকতার পাশাপাশি তিনি আদিতমারী মহিষখোঁচা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

বিজিবি সদস্যরা জানান, দীর্ঘ দিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে সদর উপজেলার কুলাঘাট সীমান্তবর্তী এলাকায় আসা যাওয়া করতেন তিনি।বৃহস্পতিবার রাতে সীমান্তে এলে তাকে সন্দেহ করে আটক করা হয়। ওই সময় বিজিবি’র টহলরত সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করলে শাহিনের ব্যবহারিত মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে আটক করে সদর থানায় সোপর্দ করে।

বিজিবি সদস্যরা আরো জানান, এর আগে দুইবার মোঘলহাট ক্যাম্পে আটক হয়েছিল। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এছাড়াও কয়েকমাস পূর্বে মাদক ব্যবসায়ীর সাথে মাদক সেবনের একটি কথোপকথন এর অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

আটককৃত সাংবাদিক শাহীন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তার কাছে কোনো ধারনের মাদক ছিল না।পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন পূর্ব শত্রুতার জেরে তাকে মাদক দিয়ে ফাঁসিয়ে অকথ্য নির্যাতন করা হয়।

এদিকে মাদকসহ সাংবাদিক আটকের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাংবাদিক সমাজে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।অনেকে বলছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনকে ফাঁসানো হয়েছে আবার অনেকে বলছেন ঘটনার সত্যতা নিশ্চিত হলে প্রচলিত আইনে শাস্তি হওয়া উচিত।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহা আলম জানান, বিজিবি সদস্য আনোয়ার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।শুক্রবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর