কেরানীগঞ্জে লকডাউন না মানায় র্যাবের অভিযান, জরিমানা
সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকার কেরানীগঞ্জে মাস্ক না পড়া, বিপণীবিতান খোলা সহ বিভিন্ন অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরএফএল ও ভিশন সহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের নেতৃত্বে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কদমতলী শহিদনগর গলির মুখে প্রাণ-আরএফএল গ্রুপের বেস্ট বাই শপ ও ভিশন এম্পরিয়াম নামক ইলেকট্রিক পণ্য বিক্রির দোকান খোলা রেখে পণ্য বিক্রির দায়ে বেস্ট বাই শপের ম্যানেজার আনিসুর রহমান এবং ভিশন এম্পরিয়াম এর ম্যানেজার মিনারুল ইসলাম উভয়ের ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করেন।

এছাড়া একই সময়ে কদমতলী সারা কমিউনিটি সেন্টারের নিচে স্যামসাং মোবাইলের শো-রুম খোলা রেখে পণ্য বিক্রির দায়ে ম্যানেজার সুমিত সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এসময় করোনা ভাইরাসের বিষয়ে মানুষকে সচেতন করে মাস্ক বিতরণ করা হয়। তবে যুক্তিসংগত কারণ ও মুভমেন্ট পাস ছাড়া মাস্ক না পড়ে বাহিরে বের হওয়ার অপরাধে ১৫ মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান বলেন, করোনা ভাইরাসের বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এ কার্যক্রম। আমরা মানুষের মাঝে মাস্ক বিতরণ করছি। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধি নিষেধ মানার জন্য তাদেরকে কাউন্সিলিংয়ের চেষ্টা করছি।
এসময় তিনি আরও বলেন, জনগণ যদি নিজ থেকে সচেতন না হয় তাহলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে যতই জরিমানা করি না কেন কোনো লাভ হবে না। তবে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন এ কর্মকর্তা।
রানা আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম