করোনাকালে কুম্ভমেলাতেই আক্রান্ত ১৭০০

মহামারি করোনাকালে ভারতে সনাতন ধর্মালম্বীদের উৎসব কুম্ভমেলায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। যার ফলে সেখানে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির উত্তরাখণ্ডের হরিদ্বারে আয়োজিত কুম্ভমেলায় গত পাঁচ দিনে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

হরিদ্বারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শম্ভু কুমার ঝাঁ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন। তবে অপেক্ষামান ফলাফল আসলে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, কুম্ভমেলায় অংশ নেওয়া ভক্ত ও দর্শনার্থীদের একাধিক আখড়ায় আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার ব্যবস্থা ছিল। ১০ থেকে ১৪ এপ্রিলের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭০১ জনের। আরও অনেকের ফলাফল হাতে আসা এখনো বাকি। সে ফলাফল আসলে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যেতে পারে।

প্রসঙ্গত, ১২ বছর পর পর এই কুম্ভমেলার আয়োজন করা হয়। এবার কুম্ভমেলা হচ্ছে হরিদ্বারে। গত ১ এপ্রিল হরিদ্বারে বসে কুম্ভমেলার আসর।
১ থেকে ২৮ এপ্রিলের মধ্যে ৩টি শাহি স্নানের দিন রয়েছে। প্রথম শাহি স্নান হয়েছে ১২ এপ্রিল, সেদিন সোমবতী অমাবস্যা। দ্বিতীয়টি ১৪ এপ্রিল এবং তৃতীয়টি ২৭ এপ্রিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর