আবারও উত্তপ্ত কোম্পানীগঞ্জ: কাদের মির্জার ছেলে আহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে চলমান সংঘর্ষ আবারও ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে কোম্পানীগঞ্জ থানার সামনে এই সংঘর্ষ ঘটে। এতে কাদের মির্জার ছেলে তাশিক মির্জা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আরমান চৌধুরীসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ২০-২৫ জন সমর্থক মেয়র কাদের মির্জা বিরোধী শ্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে বসুরহাট পৌরসভা শহীদ মিনার গেট দিয়ে পৌরসভায় ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা উপজেলা পরিষদ গেটে চলে যায়।

এর কিছুক্ষণ পর মেয়র মির্জার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে কাদের মির্জার অনুসারীরা থানার সামনে গেলে উভয় পক্ষের সমর্থকরা একে অন্যকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে তাশিক মির্জা ও আরমান চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর