প্রাণঘাতী করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বুধবার (১৪ এপ্রিল) তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয়।
যার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জরুরি ভিত্তিতে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। বিকাল ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে আনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় তাকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হলো।
এ বিষয়ে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু জানান, শরীরে জ্বর অনুভব করায় এমপি বাদশা বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার পজিটিভ রিপোর্ট আসে। এরপর রাতে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এমপি বাদশা শারীরিকভাবে ভালো আছেন।
উল্লেখ্য, দেশে করোনার গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি বাদশা রামেক হাসপাতালে গিয়ে টিকা নেন। তিনিই রাজশাহীতে প্রথম টিকা গ্রহণ করে এর উদ্বোধন করেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর ছয়দিন পর তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল।
বার্তা বাজার/এসজে