সম্প্রতি নানা বিষয় নিয়ে দেশের অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিত হেফাজতে ইসলাম এক প্রকার কোণঠাসা হয়ে গেছেন। আলচিত নেতা মামুনুল হকের রিসোর্ট কান্ড, শীর্ষ পর্যায়সহ বিভিন্ন নেতাকর্মী গ্রেফতার, সাবেক আমির আল্লামা শফীকে হত্যা মামলায় বর্তমান নেতাদের জড়িয়ে পড়াসহ নানা ইস্যুতে তারা বেশ বেকায়দায় আছে।
তবে এখন এসব বিষয় মোকাবিলায় তারা বেশ তৎপর হয়ে ওঠেছে। সংগঠনটির শীর্ষ নেতাদের সংগে কথা বলে জানা গেছে, এসব মোকাবিলায় দেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন, জেলায় জেলায় আইনি সহায়তা সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এক্ষেত্রে তিন জনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
হেফাজতের সহকারী মহাসচিব মুফতী শাখাওয়াত হোসাইন রাজী জানান, সরকার চাইলে তো গ্রেফতার এড়ানো যাবে না। তবে সবকিছু আইনীভাবে মোকাবিলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলায় দুই থেকে তিন সদস্যের আইনি সহায়তা সেল গঠন করা হবে আইনজীবীদের নিয়ে। হেফাজতের কার্যক্রম, মামলা ও গ্রেফতারের বিষয়ে তারা কাজ করবেন।
জানা যায়, আগামী ২৯ মে’র ওলামা-মাশায়েখ সম্মেলনে হেফাজতে ইসলামের বাইরে চরমোনাই পীর, ছারছিনার পীর, আহলে সুন্নাত ওয়াল জামাআতসহ সমমনা ইসলামি দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম।
সরকারের বৈরি আচরণ মোকাবিলা করতে সকল ইসলামী সমমনা দলগুলোকে একই কাতারে এনে কাজ করার প্রয়াস চালাচ্ছে তারা।
বার্তা বাজার/এসজে