সালথায় সহিংসতা নিয়ে ফরিদপুর পুলিশ সুপারের প্রেস ব্রেফিং
ফরিদপুরের সালথায় ঘটে যাওয়া গত ৫ এপ্রিল রাতের সহিংসতার ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রেফ্রিং করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান।
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেদিনের ঘটে যাওয়া বিষয় ও মামলার অগ্রগতি তুলে ধরেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার বলেন, ওই দিন লকডাউন বাস্তবায়ন করতে দেয়া হবে না, এই নিয়ে ঘটনার শুরু হলেও পরে বিভিন্ন গুজব তৈরি করে মাইকে লোক জোগাড় করা হয়। ওই ঘটনায় এ পর্যন্ত ৭৯ জনকে আটক করা হয়েছে। এর ভেতর দু’জন ফরহাদ ও হৃদয় তাদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছেন।

তিনি বলেন, ৫টি মামলায় আলাদা আলাদা করে ৫ জন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। ফেসবুক লাইভে প্রচারিত ভিডিওসমূহ সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে অপরাধীদের বিচারের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্র ও জনগণের সম্পদ ধ্বংসকারী এসব অপরাধীকে খুঁজে বের করে বিচারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার সাথে কারা কারা জড়িত, সে বিষয়ে আপনাদের জানাতে পারব বলেও তিনি জানান।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকারসহ প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম