আলফাডাঙ্গায় ‘সরকার হটাও’ কর্মকাণ্ডের পক্ষে নন কওমী ওলামা নেতৃবৃন্দ

সরকার হটাও এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কওমী ওলামা ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা জানান কওমী ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এসময় কওমী ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, কাউকে ক্ষমতা থেকে হটানো আর কাউকে ক্ষমতায় বসানো আন্দোলনের সাথে আমরা নেই। দ্বীনের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তিপ্রিয় এবং সহিংসতার বিরুদ্ধে। ক্ষমতার মোহে আমরা কোন রাজনৈতিক সংগঠনের জ্বালাও-পোড়াও আন্দোলনের আগেও নেই, পিছেও নেই।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বজলুর রশিদের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, আলফাডাঙ্গা কওমী ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা তামিম আহমেদ প্রমুখ।

এসময় উপজেলা কওমী ওলামা ঐক্য পরিষদের নেতাকর্মীসহ উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন এবং বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর