মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা করেছে সরকার।
এ সময়ে একান্ত প্রয়োজনে যাদের বাইরে যাওয়া প্রয়োজন তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য অফিশিয়াল কিংবা জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস নেয়া লাগবে।
পুলিশের মুভমেন্ট পাস অ্যাপস উদ্বোধনের পর প্রতি মিনিটে প্রায় ১৫ হাজার আবেদন জমা পড়ছে। আর ঘণ্টায় ১ লাখ ২৫ হাজার আবেদন জমা পড়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন। উদ্বোধনের পর তা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এতে এখন পর্যন্ত প্রতি মিনিটে প্রায় ১৫ হাজার আবেদন জমা পড়ছে। আর ঘণ্টায় প্রায় ১ লাখ ২৫ হাজার আবেদন জমা পড়ছে।
এর আগে ‘মুভমেন্ট পাস’ অ্যাপস উদ্বোধনের পর আইজিপি বলেন, যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য অফিশিয়াল কিংবা জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস নেয়া লাগবে। তবে সাংবাদিকদের মুভমেন্ট পাস নেয়া লাগবে না।
তিনি বলেন, লকডাউনে আমরা কাউকে রাস্তাঘাটে ও বাইরে দেখতে চাই না। বিনা প্রয়োজনে কেউ বের হবেন না। আমরা চাপপ্রয়োগের চেয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাদের তা মেনে চলতে হবে। যা হলে পুরো বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।
তিনি আরও বলেন, যদি সীমিত কারণে বাইরে বের হওয়া লাগে তাহলে তারা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোন ধরণের আড্ডা দেবেন না। প্রয়োজনীয় কাজে বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।
বার্তাবাজার/নব