করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনে ‘মুভমেন্ট পাস’ ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। তবে সাংবাদিকদের মুভমেন্ট পাস লাগবে না।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইনে লকডাউনে পুলিশের ‘মুভমেন্ট পাস’ অ্যাপস উদ্বোধনকালে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আইজিপি বলেন, যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য অফিশিয়াল কিংবা জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস নেয়া লাগবে। তবে সাংবাদিকদের মুভমেন্ট পাস নেয়া লাগবে না।
তিনি বলেন, লকডাউনে আমরা কাউকে রাস্তাঘাটে ও বাইরে দেখতে চাই না। বিনা প্রয়োজনে কেউ বের হবেন না। আমরা চাপপ্রয়োগের চেয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাদের তা মেনে চলতে হবে। যা হলে পুরো বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।
বেনজীর আহমেদ বলেন, গতবছর আমরা যেভাবে করোনা নিয়ন্ত্রণ করেছি, এবারও দ্বিতীয় ওয়েব নিয়ন্ত্রণ করব। তবে অবশ্য অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। গত বছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এবারও তা হচ্ছে। এগুলো ঠিক না। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ।
তিনি বলেন, গতকাল বিভিন্নভাবে যারা যেখানে পৌঁছেছেন তারা সেখানেই থাকবেন। গ্রামবাসীদের বলতে চাই, যদি কেউ আক্রান্ত থাকেন তাহলে সে গ্রামের অন্যকেও আক্রান্ত করবে। তারা সাতদিন ঘরে থাকবেন। সরকার যেভাবে বলছে সেভাবে নির্দেশ মানবেন।
আইজিপি আরও বলেন, যদি সীমিত কারণে বাইরে বের হওয়া লাগে তাহলে তারা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোন ধরণের আড্ডা দেবেন না। প্রয়োজনীয় কাজে বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।
বার্তাবাজার/নব