ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ এপ্রিল) একটি যাত্রীবাহী প্রাইভেটকার সাভার থেকে ঢাকায় যাচ্ছিল। পথে প্রাইভেটকারটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়।
এসময় প্রাইভেটকারের চালক জামাল খাঁন (৩৫) ও যাত্রী পুতুল বেগমন (২৮) ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদুল করিম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/পি