লকডাউনে কাউকে রাস্তাঘাটে ও বাইরে দেখতে চাই না: আইজিপি

আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে সরকার ঘোষিত লকডাউনে কাউকে রাস্তাঘাটে ও বাইরে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইনে লকডাউনে পুলিশের ‘মুভমেন্ট পাস’ অ্যাপস উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, লকডাউনে আমরা কাউকে রাস্তাঘাটে ও বাইরে দেখতে চাই না। বিনা প্রয়োজনে কেউ বের হবেন না। আমরা চাপপ্রয়োগের চেয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাদের তা মেনে চলতে হবে। যা হলে পুরো বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।

আইজিপি বলেন, গতবছর আমরা যেভাবে করোনা নিয়ন্ত্রণ করেছি, এবারও দ্বিতীয় ওয়েব নিয়ন্ত্রণ করব। তবে অবশ্য অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। গত বছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এবারও তা হচ্ছে। এগুলো ঠিক না। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ।

তিনি আরও বলেন, গতকাল বিভিন্নভাবে যারা যেখানে পৌঁছেছেন তারা সেখানেই থাকবেন। গ্রামবাসীদের বলতে চাই, যদি কেউ আক্রান্ত থাকেন তাহলে সে গ্রামের অন্যকেও আক্রান্ত করবে। তারা সাতদিন ঘরে থাকবেন। সরকার যেভাবে বলছে সেভাবে নির্দেশ মানবেন।

আইজিপি আরও বলেন, যদি সীমিত কারণে বাইরে বের হওয়া লাগে তাহলে তারা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোন ধরণের আড্ডা দেবেন না। প্রয়োজনীয় কাজে বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর