করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি প্রতিরোধে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
লকডাউনের আগে ঢাকা ছাড়ছে বহু মানুষ। এতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের চাপ অনেক বেড়েছে। ঘাটে যাত্রীদের উপচে পড়া লক্ষ্য করা যায়।
এ ব্যাপারে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও যানবাহনের চাপ অনেক। ফেরিতে যাত্রী পরিবহনের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
এ প্রসঙ্গে শিমুলিয়া ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. হিলাল উদ্দিন বলেন, সকাল থেকেই ঘাটে যাত্রীর চাপ বাড়তে থাকে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে করে যাত্রীরা পারাপার হচ্ছেন। ঘাটে সাতশ’র বেশি যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। চাপ আরও বাড়তে পারে। রোববার ২ হাজারের অধিক যানবাহন পারাপার করা হয়েছে। আজ তা ৩ হাজার ছাড়িয়ে যাবে।
শিমুলিয়া ঘাট দিয়ে গ্রামে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। গাদাগাদি করে চলছেন সবাই। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। অনেকের মুখে ছিলনা মাস্ক।
বার্তাবাজার/নব