ছাত্র ইউনিয়নের জরুরী সম্মেলনে গঠিত কমিটিকে প্রত্যাখ্যান

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) জরুরী জাতীয় সম্মেলনে অগণতান্ত্রিক ও একক ভাবে গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করেছে জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়ন। সোমবার রাত ১১টা ৫০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির জেলা দপ্তর সম্পাদক সামিয়া আক্তার মিমি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জরুরী জাতীয় সম্মেলনে ফয়েজ উল্লাহ্‌কে সভাপতি, দীপক শীলকে সাধারণ সম্পাদক ও মিখা পিরেগুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের একটি নতুন কমিটির তালিকা প্রচার করা হচ্ছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জয়পুরহাট জেলা সংসদ অগণতান্ত্রিক ও একক ভাবে গঠিত এ কমিটিকে প্রত্যাখ্যান করছে।

ছাত্র ইউনিয়নের জয়পুরহাট জেলা সভাপতি রিফাত আমিন রিয়ন ও সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা একযৌথ বিবৃতিতে তারা জানান, ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনে একাধিক গঠনতান্ত্রিক ব্যত্যয় ঘটেছে তা অস্বীকার করার কোন পথ নেই। তবে গঠনতান্ত্রিক এসব ব্যত্যয়কে কেন্দ্র করে লড়াই সংগ্রামের বিপ্লবী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নকে ভাঙ্গনের চেষ্টায় জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়ন কাউকে সফল হতে দেবে না।

নেতৃবৃন্দ আরো বলেন, সংগঠনের অভ্যন্তরীণ কঠিন এ সংকট নিরসনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গতকালের কেন্দ্রীয় সম্পাদকীয় সভায় সকলের ঐক্যমতের মাধ্যমে নতুন করে কাউন্সিলের তারিখ নির্ধারন করার কথা থাকলেও কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে অভ্যন্তরীণ সংকট নিরসনের জন্য আরো নানান রকমের পথ থাকলেও তা অবলম্বন না করে সাংগঠনিক ঐক্য বিনষ্ট করার জন্য আজ (১২ এপ্রিল, ২০২১) জরুরি সম্মেলনের নামে একক ভাবে নতুন কমিটি গঠন করার নিন্দা জানাচ্ছি। একই সাথে কেন্দ্রীয় সংসদের কাছে আহ্বান থাকবে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৯ বছরের ঐক্য যেনো কোন ভাবে ক্ষুন্ন না হয়। সেজন্য নিজেদের মধ্যে কোন্দল না রেখে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলি, অশুভ শক্তিকে রুখে দেই।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর