মামুনুলের প্রথম জান্নাতের বাবাকে আ’লীগের শোকজ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলনা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওয়ালিয়ার রহমানকে শোকজ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ। শোকজে হেফাজতে ইসলামের সাথে তার পরিবারের সংশ্লিষ্টতার বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন খান স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ দেওয়া হয়।

পাঠানো শোকজে বলা হয়, আপনি মো. ওয়ালিয়ার রহমান, গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আপনার বড় জামাতা মো. হাবিবুর রহমান, মেঝ জামাতা অর্থাৎ জান্নাত আরা ঝর্ণার সাবেক স্বামী মো. জাফর শহিদুল ইসলাম, সর্বাধিক সমালোচিত আপনার মেঝ মেয়ে জান্নাত আরা ঝর্ণার কথিত স্বামী মো. মামুনুল হকসহ সবাই উগ্রপন্থী ইসলামী সংগঠনের (হেফাজতে ইসলাম) সঙ্গে জড়িত। আপনার মেয়ে জান্নাত আরা ঝর্ণা অবৈধ কার্যকলাপে লিপ্ত। এমনকি আরো জানা যায় যে, আপনার স্ত্রীও জামায়াতপন্থী।
হেফাজতে ইসলামের সঙ্গে পরিবারের সংশ্লিষ্টতার বিষয় কখনো দলীয় নেতাদের জানাননি ওয়ালিয়ার রহমান। তাই তার মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রকাশ হওয়ার আশঙ্কা রয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়।

আরও বলা হয়, সংগঠনের ‘উপরের নির্দেশনা’ মোতাবেক ওয়ালিয়ার রহমানকে কেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে না, তার স্বপক্ষে আগামী সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে অনুরোধ করা গেল।

প্রসঙ্গত, রিসোর্টকাণ্ডে মামুনুল হকের সাথে থাকা ওই নারীর নাম জান্নাত আরা ঝর্ণা। সম্প্রতি জান্নাতুল ফেরদৌস লিপি নামে মামুনুল হকের আরও এক নারী সঙ্গীর সন্ধান পাওয়া যায়। তাকে তৃতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন মামুনুল হক।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর