বাংলা লোক সংগীতের জনপ্রিয় শিল্পী ও জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগমকে ভারতের তামিলনাড়ূতে অবস্থিত হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েল মমতাজ বেগমের হাতে তুলে দেন ‘ডক্টর অব মিউজিক’পদক। বিষয়টি মমতাজ বেগমের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে জানা যায়।
মমতাজের ভেরিফাইড ফেসবুক পেইজে কয়েকটি ছবি আপলোড করে লেখা হয়, গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি” গত শনিবার ১০ এপ্রিল ২০২১ বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী এবং মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে। সারা পৃথিবীতে একমাত্র সঙ্গীত শিল্পী হিসেবে প্রকাশিত আট শতাধিক অ্যালবামের বিশ্ব রেকর্ড, সুদীর্ঘ ত্রিশ বছর যাবত বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা, লোকজ সঙ্গীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করা, চলচ্চিত্র সঙ্গীতে একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্তি তথা দেশী বিদেশী অসংখ্য সম্মাননা অর্জন, সমাজ সচেতনতামূলক নানামুখী গানের মাধ্যমে বিশেষ ভূমিকাসহ সার্বিক মূল্যায়নে মমতাজ বেগমকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডঃ পি ম্যানুয়েল সম্মানসূচক ‘ডক্টর অব মিউজিক’ পদকে ভূষিত করেন।
জানা যায়, একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম, তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব ক্বাদিরী, কেরালা ড. এপিজে আবুল কালাম ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট পরিচালক উইলাত কোরাইয়া।
বার্তা বাজার/এসজে