‘আমাদের জানাজা পড়াবে আল্লাহর ওলিরা, দেখবো মামুনুলদেরটা কে পড়ায়’
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মারা গেলে তাদের জানাজা নামাজ পড়াতে অনেক আলেম ও আল্লাহর ওলি রয়েছেন বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। হেফাজত নেতা মামুনুল হকরা মারা গেলে তাদের জানাজা কে পড়ায় তাও তিনি দেখবেন বলে জানান।
সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে “করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ” কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।
নিখিল বলেন, হেফাজতে ইসলামের নেতারা ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মারা গেলে তারা নাকি জানাজা পড়াবে না। আমি স্পষ্টভাষায় বলতে চাই আমাদের জানাজায় তাদের প্রয়োজন নেই। আমাদের জানাযা পড়ানোর জন্য অনেক আলেম ও আল্লাহর ওলিরা রয়েছেন। ভন্ড মামুনুলরা মারা গেলে তাদের জানাজা কারা পড়াবে তা আমরা দেখব।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না যুবলীগ। এই করোনা মহামারিতে হেফাজত ইসলামের নেতাদের ভূমিকা কী ছিল? তারা কখনো সাধারণ মানুষের পাশে ছিল না। সবসময় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ছিল। এদের কাছ থেকে দেশের উন্নয়ন, মানুষের উন্নয়নের কোনো কিছু আশা করা যায় না।
যুবলীগের শীর্ষ নেতা আরও বলেন, গত বছর করোনা সংক্রমণের শুরু থেকেই শেখ হাসিনার নির্দেশে যুবলীগ মাঠে থেকে সাধারণ মানুষকে সহায়তা করেছে, লাশ দাফন করেছে, ফ্রি এম্বুলেন্স সেবা দিয়েছে। ৪৫ লাখ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। করোনার দ্বিতীয় ধাপে এসেও মানবিক যুবলীগ মানুষের পাশে থাকবে।
বার্তা বাজার/এসজে