সুদের টাকা আদায় করতে ৫ জনকে ছুরিকাঘাত

সিরাজগঞ্জে সুদের টাকা আদায় করতে ৫ জনকে ছুরি মেরে জখম করেছেন এক সুদ কারবারি। রোববার (১১ এপ্রিল) দিনগত রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের মিলন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় আহতরা হল- পৌর সদরের সয়াগোবিন্দ এলাকার মিলন মোড়ের আলমের ছেলে মিলন (১৮), মৃত শাহজামালের ছেলে রাজু (২৫), মোসলেম উদ্দিনের ছেলে হৃদয় (১৮), আব্দুল আউয়ালের ছেলে সজীব (২২) ও রঞ্জুর ছেলে সংগ্রাম (২২)। এদের মধ্যে গুরুতর আহত সজীবকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার এসআই আবু জাফর জানান, সয়াগোবিন্দ খান সাহেবের মাঠ এলাকার মৃত দেলুর ছেলে হাবুর কাছ থেকে মিলন তিন হাজার টাকা সুদের উপরে ধার নেয়। কিন্ত আয় রোজগার না থাকায় সময়মতো শোধ করতে পারে না।

এ অবস্থায় রাত নয়টার দিকে মিলন মোড়ে হাবুসহ একই এলাকার শোভন, রিপন, দিল ও রিপন সুদের টাকার জন্য চাপ দেয়। কিন্তু টাকা দিতে না পারায় কথা কাটাকাটির একপর্যায়ে মিলনকে ছুরিকাঘাত করা হয়। এ সময় হামলা বাধা দেয়ায় সংগ্রাম, হৃদয় ও রাজুকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি শোভনকে আটক করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর