যারা লকডাউনেও বাইরে বের হতে পারবে

করোনা সংক্রমণ রোধ করতে আগামী ১৪ এপ্রিল থেকে পরবর্তী ৭ দিনের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এসময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। বাইরে বের হতে চাইলে লাগবে পুলিশের পক্ষ থেকে দেওয়া ‘মুভমেন্ট পাস’।

১৪ এপ্রিল ভোর থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কার্যকর এই লকডাউনে সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা থাকবে জরুরি সেবার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো। এসময় স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্প কলকারখানা।

সোমবার (১২ এপ্রিল) জারিকৃত সরকারি প্রজ্ঞাপনে জানানো হয় কারা এই লকডাউনের আওতামুক্ত থাকবে। সেখানে জরুরি প্রয়োজনে নিয়োজিত ব্যক্তিরা এই লকডাউনের আওতাভুক্ত হবে না বলে জানানো হয়।

যারা থাকবে আওতামুক্ত- আইন-শৃঙ্খলা বাহিনী এবং জরুরি পরিসেবা, যেমন- কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থল, নদী ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউনের সময় সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর