দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ১৪ অথবা ১৫ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। প্রজ্ঞাপনে জুমা ও তারাবির নামাজ আদায়ের ব্যাপারে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে জুমা ও তারাবিহ নামাজের জমায়েত বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।
তবে জুমা ও তারাবির নামাজের ব্যাপারে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কখন এ নির্দেশনা জারি করবে তা উল্লেখ করা হয়নি।
এর আগে গত ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা দিয়ে সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ওই সময় আসন্ন রমজানে মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করায় নিষেধাজ্ঞা দেয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
পাশাপাশি নির্দেশনা দেওয়া হয়, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে। তবে আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে কি নির্দেশনা দেওয়া হবে তা এখনও জানায়নি ধর্ম মন্ত্রণালয়।
বার্তাবাজার/নব