হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হয়েছেন বলে দাবি করছে সংগঠনটি। রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারীতে সংগঠনের নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে রাতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। তার সন্ধান চেয়েছেন সংগঠনের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী।
সোমবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাবুনগরী বলেন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। গতরাত থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশের একজন প্রখ্যাত আলেম ও সচেতন নাগরিক হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা সরকার এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ছিল।
তিন বলেন, অনতিবিলম্বে আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে। মারকাজুল কোরআন মাদ্রাসার মুহতামিম মুফতি ইলিয়াস হামিদিসহ আটক হেফাজতের সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেফতার ও হামলা মামলা বরদাশত করা হবে না।
প্রসঙ্গত, রোববার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের জরুরী বৈঠকে যোগ দেন ইসলামাবাদী। সেখান থেকে শহরের উদ্দেশ্যে যাওয়ার র থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার দুপুর পর্যন্ত তার সাথে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন।
এ বিষয়ে তার ছোট ভাই ইরফানুল হক জানান, রোববার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের বৈঠকশেষে মাগরিবের নামাজ পড়ে আমার ভাই মাওলানা আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রামের চকবাজারের বাসার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৭টা নাগাদও তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ হয়। এ সময় তিনি জানিয়েছেন, বাসার দিকে রওনা হয়েছেন; তার সঙ্গে একজন সফরসঙ্গী রয়েছে।
রাত ৮টার দিকে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারারাত মোবাইল ফোন বন্ধ ছিল। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি পরিবার। তবে সোমবার ভোর ৪টা থেকে ইসলামাবাদীর বন্ধ থাকা মোবাইল সচল হলেও ফোন রিসিভ হচ্ছে না।
বার্তা বাজার/এসজে