পণ্যবাহী পরিবহন যাতে কোনোভাবেই যাত্রীবাহী পরিবহনে রূপ না নেয়

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময়ে কোনো যাত্রীবাহী পরিবহন চলবে না।

লকডাউনের সময় পণ্যবাহী পরিবহন যাতে কোনোভাবেই যাত্রীবাহী পরিবহনে রূপ না নিতে পারে সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১২ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র চলমান কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যুক্ত হয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। সামাজিক দূরত্বের বিষয়কে পাত্তা দিচ্ছে না। এ ধরনের মনোভাবের কারণে করোনা সংক্রমণ আরও অবনতির দিকে যেতে পারে।

ওবায়দুল কাদের বলেন, করোনাকালে গণপরিবহন চলাচলে শর্ত প্রতিপালনের ক্ষেত্রে অনেক মালিক-শ্রমিক কথা রাখেনি, আবার কেউ রেখেছে। অনেকে সমন্বয়কৃত ভাড়া আদায় করেছে ঠিকই কিন্তু অর্ধেক আসন খালি রাখেনি।

তিনি এসব বিষয়ে এবং গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলকসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে মনিটরিং জোরদারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, যেখানে অনিয়ম সেখানে ব্যবস্থা নিতে হবে। কাউকে প্রশ্রয় দেয়া যাবে না। প্রয়োজনে সংখ্যা বাড়িয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে বলেও জানান কাদের।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর