দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সোমবার (১২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রজ্ঞাপনে বিধিনিষেধ আরোপ করে ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে। এ সময়ে সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংকও বন্ধ থাকবে।
এতে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও সকল কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এতে আরও বলা হয়, সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়ত করা যাবে।