মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস; বিপাকে স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা
হেফাজত নেতা মামুনুল হকের সোনারগাঁও রিসোর্টের ঘটনা নিয়ে তার পক্ষ নিয়ে ফরিদপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতার ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতাদের অভিযোগ, হেফাজত নেতা মামুনুল হক নারায়নগঞ্জের রিসোর্টে অবরুদ্ধ থাকার পর সেই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে একটি স্ট্যাটাস দেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন। সেই স্ট্যাাটসে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়েছেন মামুনুল হক। এছাড়া একটি পোষ্টের কমেন্টসে তিনি লিখেন, ‘সত্যতা না জেনে তাকে অপরাধী বলবো না, সত্যের অপেক্ষায় থাকলাম…..’। এদিকে, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন তার নিজের ফেসবুক আইডি থেকে একই সময় একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘হেফাজত ভাইদের এখন উচিত (নারায়ে তাকবির আল্লাহু আকবর) বলে নারায়নগঞ্জের রয়েল রিসোর্স থেকে মামুনুল হককে উদ্ধার করা’।
স্বেচ্ছাসেবক লীগের এই দুই দায়িত্বশীল নেতাদের স্ট্যাটাস নজরে আসার পর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে তোলপাড় শুরু হয়।
এঘটনায় মানববন্ধনে উপস্থিত সকলে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল হসেন রবিন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিনকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। একইসাথে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদের তীব্র সমালোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি মামুনুল হকের পক্ষে তারা তাদের ফেসবুক আইডিতে সমর্থন প্রদান করে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেন। যা সংগঠন ও দলের গঠনতন্ত্রের পরিপন্থী। তারা একই সাথে অভিযোগ করে বলেন, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি শওকত আলী জাহিদ স্বাধীনতা বিরোধী শক্তিকে দলে ভিড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার পাঁয়তারা করছেন। তারা অবিলম্বে এ কমিটি ভেঙে দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং আগামী ৭ দিনের মধ্যে এ কমিটি ভেঙে দিলে গণপদত্যাগের হুশিয়ার প্রদান করেন।
এসময় সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার সহ-সভাপতি এম এম সুমন মুন্সি, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম জনি, মাহবুবুর রহমান, মো. সাইদুর রহমান লিটু, মনিরুজ্জামান মাসুদ প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবক লীগ ছাড়াও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি