চারুকলায় ‘সীমিত পরিসরে’ হবে পহেলা বৈশাখ উদযাপন

মাত্র একদিন পরই পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। করোনা মহামারির কারণে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল এবারের পহেলা বৈশাখ ভার্চুয়ালি উদযাপিত হবে। তবে সব আশঙ্কা কাটিয়ে শোভাযাত্রা চারুকলা অনুষদের ভেতরেই ‘সীমিত পরিসরে’ অনুষ্ঠিত হবে, স্বাস্থ্যবিধি মেনে মাত্র ১০০ জন এই আয়োজনে অংশ নিতে পারবেন।

রোববার (১১ এপ্রিল) রাতে এসব বিষয় নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ বছর করোনার কারণে সব আয়োজনেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে যেহেতু এটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর, সেহেতু যদি আমরা কিছুই না করি, তবে স্বাধীনতার বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সীমিত পরিসরে হলেও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করবে কর্তৃপক্ষ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চত্বরেই সীমাবদ্ধ থাকবে, বাইরে বের হবে না এবং প্রবেশ সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমাদের চারুকলা অনুষদের চত্বর অনেক বড়, আশা করি, আমরা নির্দিষ্ট দূরত্ব মেনেই সব সম্পন্ন করতে পারব।’

মঙ্গল শোভাযাত্রা আয়োজকদের সূত্রে জানা গেছে, ফেস শিল্ড করোনাকে মাথায় রেখে মূলত এবারের থিম ‘কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর’। এ ছাড়া রাজা-রানি, বর্ম এসব বিষয়গুলোকে এবার তুলে ধরা হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে থাকবে ১০০টি ডিজাইন।

এ বিষয়ে নিসার হোসেন বলেন, ‘আমরা একটা খারাপ সময় অতিক্রম করছি। তবে এ খারাপ সময়কে পার করে ভালো কিছু হবে, নতুন বছর আমাদের ভালো কিছুর বার্তা দেবে, এমনটাই প্রত্যাশা আমাদের।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর