বহুতল ভবনে হঠাৎ বিস্ফোরণ, ২ নৈশপ্রহরী দগ্ধ

নারায়ণগঞ্জ শহরে রান্নাঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ২ নৈশপ্রহরী দগ্ধ হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে জি এম গার্ডেন নামে একটি আবাসিক ভবনের ৮ তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নৈশপ্রহরী উজ্জল ও মানিক। তাদের শরীরের বেশ কিছু অংশ আগুনে ঝলসে গেছে। দূর্ঘটনার পর তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ওই ভবনের আরেক নৈশপ্রহরী মোহাম্মদ আলী জানান, জিএম গার্ডেনের ৮ তলায় ছিল কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের কারও কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো। ৮ তলায় গ্যাস লাইনের সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে এক পর্যায়ে তারা নিচে নেমে যায়। তখন রান্না ঘরের দরজা জানালা বন্ধ ছিল। এ কারণে ওই কক্ষে গ্যাস জমে থাকে।

পরে দুই নৈশপ্রহরী সিগারেট হাতে ওই কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুজনই দগ্ধ হন।

তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর