সংঘবদ্ধ হয়ে ফার্মেসি থেকে ওষুধ ও টাকা চুরি: গ্রেফতার ৩

এই ভয়াবহ করোনা মহামারীর সময়ে ফার্মেসিসহ বিভিন্ন দোকানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

শনিবার রাত ২টা থেকে অভিযান চালিয়ে তাদের তিনজনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ডেমরা এবং ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।

এরা হলেন- মোঃ মনির (৩৫), সাইফুল ইসলাম তাজু (৪২) এবং মোঃ মিন্টু (৪৫)।

এসময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকা মূল্যের একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি ঢাকা মেট্রো-পূর্বের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, গ্রেফতাররা গত ৭ ডিসেম্বর রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময়ে ঢাকার শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার জারিয়া ফামের্সী নামের একটি ওষুধের দোকানের তালা ভেঙে দোকানে ঢুকে ওষুধ বিক্রির নগদ এক লাখ পঁচাত্তর হাজার টাকাসহ দোকানে থাকা ১৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির ওষুধ চুরি করে।

কানিজ ফাতেমা বলেন, আসামিরা রাতের বেলা পিক-আপ চালিয়ে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন মার্কেট ও দোকান পর্যবেক্ষণ করে এবং কোন দোকানে চুরি কিংবা ডাকাতি করবে তা ঠিক করে সুবিধাজনক জায়গায় বিভিন্ন দোকানের তালা ভেঙ্গে দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন পণ্য চুরি করে তাদের অন্যান্য সহযোগীদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে।

গ্রেফতারদের বিরুদ্ধে শাহজাহানপুর থানাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান কানিজ ফাতেমা।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর