বাংলাদেশ প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের উন্নত দেশ: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গত এক দশকে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও রপ্তানীমুখী করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নানা পরিকল্পনা গ্রহণ ও সফলভাবে বাস্তবায়ন করেছে। কৃষি এবং কৃষকদের কল্যানে গৃহীত উদ্যোগগুলো আমদানী নির্ভরতা কমিয়েছে। বর্তমান করোনাকালীন সময়েও কৃষি উৎপাদন অব্যাহত রেখে খাদ্য চাহিদা পূরণে কৃষক ও সরকার এক সাথে কাজ করবে।

রোববার (১১ এপ্রিল) বিকেল ৫ টায় নাটোরের সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভুর্তুকি মূল্যে ৯টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে বোরো ধানের মোট চাহিদার বিশাল এক অংশ যোগান দেয়। চলনবিল অধ্যুষিত হওয়ায় সিংড়া উপজেলা এই গর্বের অংশীদার। সোনার ফসল উৎপাদন করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সিংড়ার কৃষকদের অসামান্য অবদান রয়েছে।

পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে তোলার জন্য সোনার মানুষ গড়ে তুলতে চেয়েছিলেন। সেই সোনার মানুষ গড়তে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি শিশু-কিশোর-তরুণদের বাধ্যতামূলক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছেন। প্রযুক্তি নির্ভর ডিজিটাল মধ্যম আয়ের উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য শহর-গ্রাম, ধনী-দরিদ্র, নারী-পুরুষের বৈষম্য দূর করে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

সিংড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ।

রবিন খান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর