ভুট্টার মোচায় বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন

দিন যত যাচ্ছে ততই স্বপ্ন বাড়ছে কৃষকের। বেড়ে ওঠেছে ভুট্টার গাছ আর গাছে ধরেছে মোচা। সেই মোচায় স্বপ্ন ডুবে আছে কৃষকের। আর এ যেন ভুট্টার গাছে কৃষকের স্বপ্ন বাতাসে দুলছে। সেই মোচায় ভুট্টার দানা পরিপক্ক হয়েছে এবং কিছুদিনের মধ্যেই ঘরে তোলা যাবে কৃষকের কাঙ্খিত ফসল। এ যেন আনন্দের বন্যা বইছে কৃষক পরিবারের মধ্যে।

চলতি মৌসুমে সরেজমিনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতি বছর স্থানীয় চাষিরা ধান কাটা মৌসুমে ধানের নায্য মূল্য না পাওয়ায় কম খরচে বেশি লাভ হওয়ায় তাদের মাঝে ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, উৎপাদন খরচের চেয়ে লাভ বেশি হওয়ায় গমের তুলনায় ভুট্টা চাষে আগ্রহ বেশি কৃষকদের। এবার এ উপজেলায় পাঁচ হাজার দুইশত পঞ্চাশ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়ায় কৃষকরা ধান গমের পাশাপশি ভুট্টা চাষে বেশ আগ্রহ দেখাচ্ছে। কৃষি অফিসের পরামর্শে আগাম জাতের ভুট্টা রোপন করায় নিবিড় পরিচর্যা আর রোগ বালাই কম হওয়ার কারণে রানীশংকৈলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হবে বলে জানিয়েছেন কৃষকরা।

কয়েকজন কৃষক জানান, ধান ও অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ বেশী লাভ হওয়ায় কম খরচে অধিক মুনাফার আশায় বিকল্প ফসল হিসেবে এ চাষের দিকে তাদের ঝোঁক বেশি। তারা এ ভুট্টা চাষ করে বেশি লাভের স্বপ্ন দেখছেন।

কৃষকরা আশা প্রকাশ করে বলেন, আবহাওয়া ভালো হলে এবং অনুকূলে থাকলে ভুট্টা চাষের ফলে যে ফসল পাওয়া যাবে আর সে ফসল বিক্রি করে আর্থিক ভাবে যে অর্থ পাওয়া যায় তা দিয়ে কয়েক মাস পরিবারের সদস্যদের নিয়ে ভালো ভাবে দিন পার করা যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ “বার্তা বাজার”কে বলেন,ভূট্টা একটি অর্থকারী এবং অত্যন্ত লাভজনক ফসল। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করছি চলতি বছর এ উপজেলার ভুট্টার বাম্পার ফলন হবে।

মো. সবুজ ইসলাম/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর