বেতন ১ হাজার, ৮ মাস না পেয়ে লাশ শিক্ষিকার গৃহকর্মী

রাজধানীর পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফারজানা ইসলামের বাসা থেকে তার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) তার বাসা থেকে উদ্ধার হওয়া ওই গৃহকর্মীর নাম লাইলী (১৭)।

পুলিশের ধারণা, নির্মম নির্যাতনের পরে তাকে হত্যা করা হয়েছে। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় এ ঘটনায় শিক্ষিকা ফারাজানাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে নিউমার্কেট থানায়। রোববার (১১ এপ্রিল) আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের জন্য আবাসিক ভবন রয়েছে। এই ভবনের একটি ফ্ল্যাটে থাকেন শিক্ষিকা ফারাজানা।

এ বিষয়ে নিউমার্কেট থানার পরিদর্শক ইয়াছিন আলী বলেন, গৃহকর্মী মেয়েটির শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। গরম কিছু দিয়ে ছ্যাঁকা দেওয়ায় তার শরীরের বিভিন্ন অংশে ফোসকা পড়েছে। ধারণা করা হচ্ছে, নির্যাতনে মেয়েটির মৃত্যু হয়েছে।

নিহতের মা সামেলা বেগম জানান, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। আট মাস আগে শিক্ষিকা ফারজানা ইসলামের বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেন লাইলী। মাসে এক হাজার টাকা চুক্তিতে কাজে দেওয়া হয়। কিন্তু আট মাসে মাত্র এক হাজার টাকা দিয়েছেন গৃহকত্রী ফারজানা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর