সরকারের পতন ঘটানো হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্দেশ্য নয় বলে মন্তব্য করেছেন সংগঠনের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী। এই সরকার আরও একশ বছর ক্ষমতায় থাকলেও তাদের কোনো সমস্যা নেই বলেও তিনি জানান।
রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারিতে অবস্থিত দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক শেষে তিনি এই কথা বলেন।
বাবুনগরী বলেন, সরকার তার অবস্থানে কাজ করুক, আমরা আমাদের কাজ করবো। আমরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবো না। ইসলামের বিরুদ্ধে যখন আওয়াজ উঠবে তখন হেফাজত কথা বলবে। ইসলামকে হেফাজত করাই আমাদের উদ্দেশ্যে। এই সরকার আরও একশ বছর ক্ষমতায় থাকুক, আমাদের কোনো সমস্যা নেই।
মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী’র বিষয়ে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত বিষয় । এই বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য নেই। তাঁর (মামুনুল হক) বিষয়ে কোনো আলোচনা হয়নি। তাঁকে অব্যাহতির বিষয়েও কেউ কোনো কথা বলেননি। যা ঘটেছে তা মামুনুল হকের ব্যক্তিগত বিষয়, হেফাজতের কিছু নয়।
বার্তা বাজার/এসজে