রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির ১টি পাঙ্গাস, ৩টি আইড় ও ২টি ইলিশ মাছ ধরা পড়েছে।
মাছগুলো ওজন দিয়ে দেখা যায়- পাঙ্গাসটি ১৭ কেজি, আইড়গুলো ১৬ কেজি এবং ইলিশ দুটি ৩ কেজি ওজনের। মাছগুলোকে নদীর পাড়ে আনা হলে স্থানীয়রা এক নজর দেখতে ভীড় জমান।
রবিবার (১১ এপ্রিল) ভোরের দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে মাঝ নদীতে পাবনার শ্যামগ্রাম এলাকার জেলে হরিপদ হালদারের জালে মাছগুলো ধরা পড়ে।
মাছগুলো বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় আনা হলে ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট পাঙ্গাসটি ১ হাজার ৪শ টাকা কেজি দরে ২৩ হাজার ৮শ টাকায়, আইড় তিনটি ১ হাজার ৩শ টাকা কেজি দরে ২০ হাজার ৮শ টাকায় এবং ইলিশ ২টি ২ হাজার টাকা কেজি দরে ৬ হাজার টাকাসহ মোট ৫০ হাজার ৬শ টাকায় কিনে নেন।
পরে শাজাহান মিয়া সম্রাট দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে ধর্নাঢ্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে দুপুরে ময়মনসিংহের এক ধর্নাঢ্য ব্যবসায়ীর নিকট পাঙ্গাসটি ১ হাজার ৫শ টাকা কেজি দরে ২৫ হাজার ৫শ টাকায়, আইড়গুলো ১ হাজার ৪ শ টাকা কেজি দরে ২২ হাজার ৪শ টাকায় এবং ইলিশ ২টি ২ হাজার ১শ টাকা কেজি দরে ৬ হাজার ৩শ টাকাসহ মোট ৫৪ হাজার ৬শ টাকায় বিক্রি করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর সুস্বাদু পানির বড় বড় এ ধরনের মাছগুলো খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি