পাকুন্দিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রান্তিক ও ক্ষুদ্র পর্যায়ের ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খরিপ-১/২০২১-২২ মৌসুমের আউশ ফসলের প্রণোদনার আওতায় এসব বীজ ও সার বিতরণ করে। এছাড়াও কৃষকদের মাঝে তিনটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ, সার ও কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.)একেএম লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন, পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুছ ছালাম, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন ও উপ-সহকারী কৃষিকর্মকর্তাসহ স্থানীয় আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন জানান, খরিপ-১/২০২১-২২অর্থবছরে আউশ ফসলের প্রণোদনা হিসেবে প্রান্তিক ও ক্ষুদ্র পর্যায়ে ১৩০০কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষক বিঘা প্রতি সহায়তা হিসেবে ৫কেজি বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার পাচ্ছেন। এছাড়াও মজিতপুর গ্রামের কৃষক শাহাদাৎ হোসেন, হোসেন্দী গ্রামের কৃষক শহীদ মিয়া ও শহীদুল হক এর মাঝে তিনটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয় ।

হুমায়ুন কবির/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর