‘যমরাজের’ পোশাক পরে মানুষকে সচেতন করছে পুলিশ!

ভারতজুড়ে মহামারি করোনার সংক্রমণ হু হু করে বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন শনাক্ত ও মৃত্যুর রেকর্ড পূর্বের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু অধিকাংশ স্থানে এখনো মানুষ সচেতন হচ্ছে না। তাই জনসাধারণকে সচেতন করতে ব্যতিক্রমি উদ্যোগ নিলো মধ্যপ্রদেশ পুলিশ। মৃত্যুর পৌরাণিক দেবতা ‘যমরাজের’ পোশাকে রাস্তায় ঘুরে মানুষকে সচেতন করছে তারা।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ভারতের মধ্যপ্রদেশে করোনার আক্রান্ত বেড়ে যাওয়ায় ৬০ ঘণ্টার কঠোর লকডাউন জারি করেছে রাজ্য সরকার। শনিবার(১০ এপ্রিল) সন্ধ্যা থেকে এই লকডাউন শুরু হয়েছে। তা শেষ হবে আগামীকাল সোমবার(১২ এপ্রিল) সকাল ৬টায়। কিন্তু মানুষ সেটি মানতে চাচ্ছেন না। তাই তাদের সচেতন করতে রাস্তায় নেমেছে মধ্যপ্রদেশ পুলিশ।

সেই লক্ষ্যে সনাতন ধর্মের মৃত্যুর পৌরাণিক দেবতা ‘যমরাজের’ পোশাক পরিধান করে পুলিশের প্রধান কনস্টেবল জওহর সিং জাদাউন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর মানুষকে সচেতন করছেন।

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, এই পোশাকটি পরার উদ্দেশ হচ্ছে মানুষকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা। পাশাপাশি তাদেরকে এটা বিশ্বাস করানো যে, যদি করোনা বিধি মানতে ব্যর্থ হয় তাহলে জীবন হারাতে হতে পারে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর