গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা
মাদারীপুর সদর পৌরসভার ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস (২৫) বড় ভাইয়ের সাথে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বিকেলে পৌর শহরের পাঠককান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার রবি দাসের ছেলে ও মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, শহরের ইটেরপুল এলাকায় রবি দাসের লন্ড্রির দোকান রয়েছে। তার মেঝ ছেলে বিপ্লব দাস সারাদিন একা একা দোকান করে বাসায় আসে। পরে দোকানে না যাওয়ার কারণে ছোট ভাই প্রসেনজিৎকে রাগারাগি করে। এরই জের ধরে প্রসেনজিৎ সবার অগোচরে পরিত্যক্ত একটা রুমে গিয়ে আত্মহত্যা করে।
রবি দাস বলেন, ভাইয়ের সাথে ঝগড়ার জের ধরে আমার ছোট ছেলে আত্মহত্যা করছে। ঝগড়ার সময় আমরা সামনেই ছিলাম। কেউ কারো গায়ে হাত তোলে নাই।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল মিয়া বলেন, থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ নেই।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি