বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে শাহীনুর আকন্দ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া শহরের জয়পুরপাড়ার বাসিন্দা শাহীনুর শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে মারা গেছেন।
এছাড়া বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘন্টায় ৪১২ নমুনার ফলাফলে নতুন করে ১১৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৮ দশমিক ৮৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭জন। নতুন আক্রান্ত ১১৯ জনের মধ্যে ১১৪ জন, শেরপুরের ২জন বাকি ৩জন নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুরের বাসিন্দা।
রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ১০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০৭টি নমুনায় ১১৭ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১২ নমুনায় ২ জনের পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৯০৬ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৯২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৮ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭১২ জন।
খালিদ হাসান/বার্তাবাজার/পি