ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে এবার খোদ ভারতীয় এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫ এস এর কাছে এ ঘটনা ঘটে। পরে নাগেশ্বরী থানা পুলিশ তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম ও নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) রওশন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের নাম মিলন মিয়া (১৮)। সে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে বলে জানা গেছে। সে অবৈধভাবে সীমান্ত পারি দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দোয়ালিপাড়া গ্রামে তার নানা বাড়িতে আসছিল বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ ওই কিশোর বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আহত মিলন মিয়া বলেন, আমি গতকাল সন্ধ্যায় বাংলাদেশ আসছিলাম সয়াবিন তেল কেনার জন্য। তেল নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আমাকে গুলি করে। পরে আমি জীবন বাঁচার জন্য দৌড় দিয়ে বাংলাদেশ আসি।এখানকার লোকজন আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১৫ বিজিবি লালমনিরহাট অধীন অনন্তপুর বিওপি এবং ভারতের ১৯২ বিএসএফের ঝিকরি ক্যাম্পের আওতাধীন সীমান্ত পিলার ৯৪৬/৫ এস এর পাশ দিয়ে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি ছুঁড়লে বুকের ডান দিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ওই কিশোর। গুলিবিদ্ধ অবস্থায় সে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে একই উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামে তার নানা মকবুল হোসেনের বাড়িতে যায়। পুলিশি ঝামেলা এড়াতে তারা বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। পরে পুলিশ বিষয়টি জানার পর তাকে রাত সাড়ে তিনটার দিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, ভারতীয় ওই কিশোরের পাঁজরের ডান দিকে গুলিবিদ্ধ হয়েছে। ভোর চারটায় তাকে জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
ওসি রওশন কবির জানান, আহত ওই কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিজিবি সিদ্ধান্ত নেবে।
এ ব্যাপারে জানতে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের জানানো হবে।’
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা. পুলক কুমার বলেন, এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ভর্তি হয়েছে। তার বুকের ডানদিকে বুলেট পাওয়া যায়, এখন আশংকা মুক্ত রয়েছেন বলে জানান তিনি।
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি