রাজধানীতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২ এলাকা

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে হু হু করে বাড়্রছে সংক্রমণ ও মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের প্রভাবে প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউ অধিকতর শক্তিশালী, এমনকি দ্রুত গতিতে সংক্রমণ ছড়াতেও বেশ সক্রিয়। এদিকে সংক্রমণ বৃদ্ধি ও শনাক্ত বিবেচনায় রাজধানীর দুটি এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যসূত্রে এ খবর জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এমআইএস-এর তথ্যমতে, রাজধানীর রূপনগর ও আদাবর এলাকায় করোনাভাইরাস শনাক্তের হার সবচেয়ে বেশি। কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন মানুষের মধ্যে রূপনগরে ৪৬ শতাংশ এবং আদাবরে ৪৪ শতাংশ মানুষের করোনা পজিটিভ এসেছে। এছাড়া আরও ১৭টি থানায় করোনা শনাক্তের হার ৩০ শতাংশের ওপর।

গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত থানাভিত্তিক শনাক্তের হার জানাতে গিয়ে আইইডিসিআর জানায়, ঢাকা সিটি করপোরেশন এলাকায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোভিড পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩৩২ জনের। এর মধ্যে কোভিড শনাক্ত হয়েছে ৫ হাজার ১০৩ জনের। শনাক্তের হার ৩৬ শতাংশ। আর উত্তর সিটি করপোরেশন এলাকায় কোভিড পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৭৭১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৪৩ জন। শনাক্তের হার ২৯ শতাংশ।

তথ্য বলছে, উত্তর সিটির রূপনগর থানা এবং আদাবর থানা এলাকায় করোনার ‘ডেঞ্জার জোন’। এই দুই এলাকার যারা কোভিড পরীক্ষা করিয়েছেন তাদের মধ্যে আক্রান্তের হার অন্যান্য সব এলাকার চেয়ে বেশি। এর মধ্যে রূপনগরে শনাক্তের হার ৪৬ শতাংশ, আদাবর এলাকায় ৪৪ শতাংশ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর