করোনা ভাইরাসের (কোভিড-১৯) এর প্রকোপ কমাতে চলছে সরকারের দেয়া দেশব্যাপী ‘কঠোর বিধিনিষেধ’। এই বিধিনিষেধ শেষ হচ্ছে রোববার। আগামী সোম ও মঙ্গলবার অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল বাদে এক সপ্তাহের জন্য ‘সর্বাত্মক লকডাউনের’ পথে হাঁটবে সরকার। এই এক সপ্তাহের মধ্যে জরুরি সেবা ব্যতিত অফিস-আদালত থেকে শুরু করে সব কার্যক্রম বন্ধ রাখা হবে।
এখন প্রশ্ন উঠেছে, সর্বাত্মক লকডাউনের আগের দুদিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে? মানুষ ইচ্ছেমতো চলাচল করতে পারবে, নাকি পারবে না? দূরপাল্লার বাস চলবে, নাকি চলবে না? শুধু তাই নয়, যেহেতু ওই দুদিনের জন্য এখন পর্যন্ত কঠোর বিধিনিষেধ বা সর্বাত্মক লকডাউনের কথা ঘোষণা করেনি সরকার; সেহেতু সব মুক্তভাবেই চলবে নাকি নতুন করে বিধিনিষেধ জারি করা হবে- এসব প্রশ্নও রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
শনিবার (১০ এপ্রিল) সকালে অন্তরা রায় নামের এক নার্সিং কলেজের শিক্ষার্থী এই প্রতিবেদকের কাছে জানতে চান, ১২ ও ১৩ এপ্রিলের মধ্যে তিনি কি সাতক্ষীরা থেকে মাদারীপুর যেতে পারবেন?
এই প্রশ্নটাই করা হয়েছিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এমন সুযোগ থাকবে না। কারণ, সংক্রমণ যে হারে বাড়ছে; তাতে দূরপাল্লার গাড়ি চলতে দিলে মানুষের যাতায়াত বেড়ে যাবে। কেউ ঢাকা ছাড়বে, কেউবা আবার ঢাকায় ঢুকবে। শুধু ঢাকা নয়, সারা দেশের মানুষ চলাচল শুরু করবে। এই পরিস্থিতিতে সেটা কোনোভাবেই কাম্য নয়। দূরপাল্লার বাস চলার সুযোগ দিলে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
সুতরাং দূরপাল্লার বাস চলবে বলে আমার মনে হয় না।’
বার্তাবাজার/ভি.এস