বিয়েতে মেয়েদের নাচ দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

শরীয়তপুরে বিয়ের অনুষ্ঠানে মেয়েদের নাচ দেখা ও নাচের ভিডিও করা নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ঘরে লুটপাট ও ভাঙচুর করা হয়।

শনিবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খানপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহতরা হচ্ছেন- রাজা খান (৬০), রাসেল সরদার (২৫), জাহাঙ্গীর সিপাই (৪০), শিল্পী বেগম (৩০), ফজলু মুন্সী (৩৮), এবাদুল খা (৩০), আনোয়ার হোসেন (৩৯), ইয়াছিন (৩৫), লিয়াকত খান (৬৫), পান্নু খান (৫৫), দুলাল সরদার (৭০), ইদ্রিস রাড়ি (৩০), মজিবর মোল্লা (৫৭), মামুন (২৪), মানিক (২২), লিটন মাদবর (৩৫), বাবুল মাদবর (৪৫), মেম্বার হারুন অর রশিদ (৪০) ও আনছের সরদার (৫৫)।

আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আশঙ্কাজনক রাজা খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, কিছুদিন আগে এই গ্রামের গফুর খাঁর মেয়ের বিয়ে হয়। তখন অনুষ্ঠানে মেয়েদের নাচের ভিডিও মোবাইলে ধারণ করেন
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আছালউদ্দিন সরদারের কিছু লোকজন।

ছবি তোলায় নিষেধ করেন গফুর খার লোকজন। যার ফলে সঙ্গে আছালউদ্দিন সরদারের লোকজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মাহাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আছালউদ্দিন সরদার, কালাম ব্যাপারী সমর্থকদের সঙ্গে ৪ নম্বর ওয়ার্ডের পন্নু খান, লিয়াকত খান সমর্থকদের মারামারি হয়। তখন চারজন আহত হয়।

এরই জের ধরে শনিবার সকালে মাহাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আছালউদ্দিন সরদার, কালাম ব্যাপারী সমর্থকদের সঙ্গে পন্নু খান, লিয়াকত খান সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুইপক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এসময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ বিষয়ে পালং মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, আগের মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আজকের ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর