সলিমগঞ্জ এলাকায় অদক্ষ শিশু-কিশোরদের হাতে অটোরিক্সা, বাড়ছে সড়ক দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ও বড়িকান্দি এলাকায় ১২-১৩ বছরের শিশু-কিশোর চালকদের কারণে সড়কে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা।

এতে মৃত্যুর পাশাপাশি অনেকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। এদের নিয়ন্ত্রনে আইনশৃংখলা বাহিনীর তেমন অভিযান নেই। ফলে সড়কে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে চালকরা। বিশেষ করে অটোরিক্সা, বিভাটেক, নুসিমুন, সিএনজি, মোটরসাইকেল, বেশীর ভাগ চালক অদক্ষ ও কিশোর।

খোঁজ নিয়ে জানা গেছে, সলিমগঞ্জ বড়িকান্দি,শ্যামগ্রাম ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক সড়কে অটোরিক্সা, বিভাটেক,নুসিমুন, সিএনজি, মোটরসাইকেল, প্রতিনিয়ত চলাচল করছে। কোন নিয়ম কানুন ছাড়া সড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগীতা দিয়ে চলছে এসব গাড়ী। এসব গাড়ীর বেশীর ভাগ চালক কিশোর ও অদক্ষ। ফলে সড়কে যাত্রী উঠা নামা করতে একে অপরের সাথে প্রতিযোগীতায় নামছে চালকরা। এতে প্রতিদিন ঘটছে সড়ক দূর্ঘটনা।

অপ্রাপ্ত বয়স্ক এক শিশু অটোরিক্সা চালাচ্ছে। ছবি- বার্তা বাজার

এদের নিয়ন্ত্রনে আইনশৃংখলা বাহিনীর তেমন অভিযান চোখে পড়ে না। ফলে সড়কে আরো বেপরোয়া হয়ে উঠেছে ওরা। অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালক হওয়ায় সড়কে প্রতিযোগীতামুলভাবে গাড়ী চালাতে গিয়ে বেশীর ভাগ দূর্ঘটনা ঘটছে। পথে পথে যাত্রীদের সাথে অনেক সময় তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছে। বেশী ভাড়া হাতিয়ে নেওয়ার ফলে এসব ঝগড়া নিত্য লেগেই থাকে। সন্ধ্যা নেমে এলেই এই প্রবণতা বেড়ে যায়। যেখানে ২০ টাকা ভাড়া সেখানে ৫০ থেকে ৬০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অহরহ উঠেছে। বিশেষ করে সিএনজিগুলো এসব কান্ড ঘটিয়ে থাকে। প্রতিবাদ করলে উল্টো নাজেহাল হতে হয় যাত্রী সাধারনের। এতে হাতাহাতির ঘটনাও কম হয় না।

গাড়ীর মালিকেরাও বেশী লাভের আশায় অদক্ষ ও শিশু- কিশোর চালকদের ব্যবহার করছে। শুধু তাই নই। সলিমগঞ্জ বাজারে গাড়ী যত্রতত্র পার্কিং করে রাখায় নিত্য যানজট লেগেই থাকে। ফলে পথচারীদের চরম ভোগান্তি ও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এতেও কর্তৃপক্ষের মাথা ব্যাথা নেই। অদ্ভূদ এক পরিবেশে যেন বসবাস করছে সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের মানুষগুলো।

অপ্রাপ্ত বয়স্ক এক শিশু অটোরিক্সা চালাচ্ছে। ছবি- বার্তা বাজার

এসব অদক্ষ চালক ও কিশোর এবং অপ্রাপ্ত বয়স্কদের হাতে গাড়ী তুলে দেওয়ার কারণে মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

মো. আক্তারুজ্জামান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর