রায়ের বাজার কবরস্থানে কবর খুঁড়ে কূল পাচ্ছে না কর্মীরা
রাজধানীর রায়ের বাজার কবরস্থানে প্রতিনিয়তই কবর খুঁড়তে হচ্ছে সেখানে কবর খোঁড়ার কাজে নিয়োজিত কর্মীদের। অবস্থা এমন হয়েছে যে তারা এখন খবর খুঁড়ে কূল পাচ্ছেন না বলে দাবি করছেন।
শনিবার (১০ এপ্রিল) রায়ের বাজার কবরস্থানে গণমাধ্যমকর্মীদের আলাপ হয় মিজানুর রহমান নামে এক ব্যক্তির সাথে। তিনি এখানে দীর্ঘদিন ধরে কবর খোঁড়ার কাজে নিয়োজিত। শনিবারও ভোর ৫টা থেকে শুরু করেছেন তার কাজ। দুপুর গড়িয়ে বিকেল হলেও শেষ হচ্ছিল না তার একের পর এক কবর খোঁড়ে যাওয়া।
জানতে চাইলে কাজ না থামিয়েই তিনি বলেন, করোনায় মৃতের সংখ্যা বেড়েছে। কবর খুঁড়ে কূল পাচ্ছি না। অনেকদিন ধরে এই কবরস্থানে কবর খুঁড়ি। একসাথে এতো মরদেহ আগে দেখিনি। একদিকে খুঁড়ে শেষ করছি, আরেকদিকে দেখছি ভরে যাচ্ছে। আজও এখন পর্যন্ত পাঁচটা দাফন হয়েছে। এগুলো সব করোনা রোগী।
আশেপাশের আরও কয়েকটা কবর দেখিয়ে তিনি বলেন, চারপাশে যতো কবর দেখছেন এগুলো সব করোনা রোগীর। এখানে শুধু করোনা রোগীদের দাফন করা হয়। গত ক’দিনে পুরোটা ভরে গেছে। নতুন নতুন লাইনে কবর খুঁড়ছি আর মাটিচাপা দেওয়া হচ্ছে।
একটু সামনেই সারি সারি অসংখ্য খোঁড়ে রাখা কবর দেখা যায়। এরমধ্যে এক পাশ থেকে লাইন ধরে কয়েকটি কবর দেয়া হয়েছে। শেষ লাইনের শুরু থেকে ৪টি কবর ছিলো একদমই নতুন। মাটি দেখেই বুঝা যাচ্ছিলো একটু আগেই এখানে দাফন হয়েছে।
মিজানুর জানান, এগুলো সবই আজকের কবর। গতকালই ১০ জনের বেশি করোনা রোগীকে কবর দেওয়া হয়েছে। কখন যে কোনটা হচ্ছে দেখারও সুযোগ পাচ্ছি না।
বার্তা বাজার/এসজে